বাংলাদেশের পুঁজিবাজারে ডেরিভেটিভ মার্কেট, ক্লিয়ারিং করপোরেশন এবং কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার লক্ষ্যে সার্বিক বিষয় বিবেচনা করে প্রতিবেদন দাখিলের জন্য তিনটি কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসি’র ৫১২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ডেরিভেটিভ মার্কেট সংক্রান্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বিএসইসি’র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএসইসি’র পরিচালক ফারহানা ফারুকী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিএসইসি’র পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। আর ক্লিয়ারিং করপোরেশন সংক্রান্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিএসইসি’র পরিচালক প্রদীপ কুমার বসাক। কমোডিটি মার্কেট সংক্রান্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলমকে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএসইসি’র পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব মনসুর রহমান।
এদিকে মার্জিন ঋণের শর্ত ভঙ্গ করে কিছু বিনিয়োগকারীকে ঋণ প্রদান করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। গতকালের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
