পূর্ব তিমুরের এনার্জি চুক্তি বিষয়ক গোপন দলিল ব্যবহারে অস্ট্রেলিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘের আদালত। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজ সোমবার এক আদেশে বলেছে, অস্ট্রেলিয়ার কাছে থাকা ঐ গোপন দলিল তারা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব গোপন নথি অস্ট্রেলিয়াকে সিল করে রাখতে হবে। একই সাথে পূর্ব তিমুর ঐসব গোপন নথি ফেরত চেয়ে যে আবেদন করেছিল তাও বাতিল করে দিয়েছে জাতিসংঘের আদালত।
রায়ের পর অস্ট্রেলিয়ার এটর্নি জেনারেল জর্জ ব্রানডিস তার প্রতিক্রিয়ায় বলেন, জাতিসংঘের আদালতের রায় সন্তোষজনক। এই রায়ে অস্ট্রেলিয়াকে গোপন নথি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হলেও আমরা এই ভেবে খুশি যে, এগুলো পূর্ব তিমুরের কাছে ফেরত দিতে হবে না।
এদিকে পূর্ব তিমুরের অভিযোগ, অস্ট্রেলিয়ান সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস পূর্ব তিমুরের এনার্জি বিষয়ক ঐ মামলার আইনজীবীর অফিস থেকে এসব তথ্য চুরি করেছে। এছাড়া অস্ট্রেলিয়া ঐ আইনজীবীর সাথে পূর্ব তিমুরের যোগাযোগেও বাধা দিচ্ছে। তাদের অভিযোগের ভিত্তিতে ঐ আইজীবীর সাথে পূর্ব তিমুরের যোগাযোগে কোন প্রকার বাধা সৃষ্টি না করতেও অস্ট্রেলিয়াকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আদালত। পূর্ব তিমুর এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী সাগরের গ্যাস ব্যবহারে উভয় দেশের মধ্যে বেশ কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে।
