কুনমিংয়ে নিরাপত্তা জোরদার
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি রেলস্টেশনে ছুরি হাতে নজিরবিহীন হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চালানো হচ্ছে কড়া তল্লাশি। শনিবার ইউনানের কুনমিং রেলস্টেশনের ঐ ঘটনায় ৩৩ জন নিহত এবং আহত হয় আরো অন্তত ১১৩ জন। এ সময় পুলিশের গুলিতে চার হামলাকারী নিহত হয় । চীন সরকার এই হামলার জন্য শিনঝাং বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে। চীনের নিরাপত্তা প্রধান মেং জিয়ানঝু সন্ত্রাসীদেরকে গুরুতর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন। —সিনহুয়া
বিদেশ যেতে চান চীনের
বিত্তশালীরা
আইনি অনিশ্চয়তা, তীব্র পরিবেশ দূষণ ইত্যাদি কারণে চীনের অতিবিত্তবানরা বিদেশে চলে যেতে চান। কিছু দেশ বিত্তশালীদের থাকার অনুমতি দিতেও প্রস্তুত। অর্থ বিনিয়োগের পরিবর্তে দেয়া হবে আবাসিক পারমিট। অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের অসংখ্য দেশ এক্ষেত্রে যেন রীতিমত প্রতিযোগিতায় নেমেছে। পর্তুগাল ২০১২ সালে গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করে। কমপক্ষে ৫ লাখ ইউরোর সম্পত্তি কিনলে পর্তুগালে বসবাস করার স্থায়ী অনুমতি দেয়া হয়। গত বছর আবেদনকারীদের ৯০ শতাংশ ছিলেন বিত্তশালী চীনা ও হংকং-এর মানুষ। —ডয়েচে ভেলে
মৌলবাদী শিক্ষার বিরুদ্ধে ব্যবস্থা
ব্রিটেনে যে মুসলমানরা সন্তানকে মৌলবাদী শিক্ষা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন লন্ডনের মেয়র। তিনি বলেন, অনেক পরিবারে ধর্ম শিক্ষা দেয়ার নামে সন্তানদের মৌলবাদী হিসেবে গড়ে তোলা হয়। তার মতে, শিশুকে মৌলবাদী শিক্ষা দেয়ার বিষয়টিকে শিশু নির্যাতন হিসেবে দেখা উচিত এবং তারপর সন্তানকে তার সুশিক্ষার স্বার্থে পরিবার থেকে সরিয়ে নেয়া উচিত। —এপি
