চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্বপ্নস্মৃতিকে বাঁচিয়ে রাখার প্রত্যয় নিয়ে ‘তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র’ গড়ে তুললেন তার ভাই হাবিবুর রহমান মাসুদ। আগামী ১১ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক্সপেরিমেন্টাল হল মিলনায়তন মঞ্চে ‘তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র’ প্রথম প্রযোজিত নাটকের টেকনিক্যাল শো অনুষ্ঠিত হবে। আমেরিকান লেখক লুইজি ব্রায়ানেন্টের ‘দ্য গেইম’ অবলম্বনে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে’ থাকা নাটকটি রূপান্তর, নাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছেন নাট্যগবেষক রুবাইয়াত্ আহমেদ। এই নাট্যানুষ্ঠানের মধ্যমে ‘তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র’ সংগঠনটির আত্মপ্রকাশ হবে।
সংগঠনটি গড়ে তোলা প্রসঙ্গে এর দলপ্রধান তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান মাসুদ বলেন, ‘তার সৃষ্টিকর্ম এবং তার জীবনদর্শন একটি সাংগঠনিক প্রক্রিয়ায় লালিত না হলে প্রজন্মান্তরের কাছে উপস্থাপন করা যাবে না। এ কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছি। অনেকেই অনেকভাবে তারেক মাসুদের সাহচর্য পেয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন। আমরা সেই উদ্যোগগুলোকে একীভূত করে একটি প্লাটফর্মে আনতে চাই ‘তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র’র মাধ্যমে।’
