নির্মাতা রাজু আলীমের ‘নির্বাচিত দুঃখ কষ্ট’

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:২১
কবি, নাট্যকার, চ্যানেল আইয়ের প্রোগ্রাম ম্যানেজার রাজু আলীম তার নির্বাচিত কাব্যগ্রন্থের প্রকাশনা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছেন। নাসির উদ্দিন ইউসুফের উপস্থাপনা ও রাজু আলীমের প্রযোজনায় টিভি অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’ চ্যানেল আইতে এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। তার টিভি নাটক রচনা, টেলিফিল্ম নির্দেশনার মধ্যে রয়েছে ‘কীর্তিনাশা পরী’, ‘বিশেষ মানুষ’, ‘প্রজাপতির সুখ দুঃখ’, ‘রোদ বৃষ্টির কবিতা’, ‘ভালোবাসার ঘ্রাণ’, ‘নিউজম্যান’, ‘মাছরাঙ্গা মেয়ে’, ‘সেলিব্রেটি ৭১’ অন্যতম। আগামী ৫ ফেব্রুয়ারি রাজু আলীমের জন্মদিন উপলক্ষে বিকাল ৫টায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্বেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হবে নতুন কবিতার বই ‘নির্বাচিত দুঃখ কষ্ট’র প্রকাশনা উত্সব। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এ্যমিরেটাস প্রফেসর ড. আনিসুজ্জামান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, জনপ্রশাসন সচিব কবি কামাল চৌধুরী এবং সংস্কৃতি সচিব রণজিত্ বিশ্বাস। সভাপতিত্ব করবেন ড. ফজলুল আলম। আলোচনায় অংশগ্রহণ করবেন কবি মুহম্মদ নুরুল হুদা, বাহার উদ্দিন খেলন, কবি নাসির আহমেদ প্রমুখ। আবৃত্তিতে অংশ নেবেন শিমুল মুস্তাফা, লায়লা আফরোজ, মাহিদুল ইসলাম, রবিশঙ্কর মৈত্রী, রোকেয়া প্রাচী প্রমুখ। নির্বাচিত কাব্যগ্রন্থের এই আনুষ্ঠানিকতা প্রসঙ্গে রাজু আলীম বলেন, ‘কবিতার প্রতি তারুণ্যের বরাবরই এক ধরনের অন্যরকম টান থাকে। আর সেই ধারাবাহিকতায় এবারের এই আনুষ্ঠানিকতা। তবে আমার এই অনুষ্ঠানের জন্য স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস তারা উন্মুক্ত করে দিয়েছে। আশা করি গুণীজনদের এই উপস্থিতিতে পুরো আয়োজনটি আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে।’