বিদেশের বাঙালি কমিউনিটির শোতে যাচ্ছেন প্রতীক

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:২১
এক মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে গেলেন প্রায়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলু পুত্র প্রতীক হাসান। যিনি গানের সাথে সম্পৃক্ত থেকেই একটা শক্ত অবস্থানে আসার চেষ্টা করছেন। নিজের কম্পোজিশনেও গতানুগতিক নকল প্রবণতা নেই। আর সেই স্বকীয়তা নিয়েই সম্প্রতি প্রতীক হাসানের সুর ও সংগীতে ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসে প্রতীক হাসানের একক ‘দূরে না কাছে’। অ্যালবামটি প্রশংসা পেয়েছে শ্রোতামহলে। এ ছাড়াও বেশ কটি চলচ্চিত্রের গানের কম্পোজিশন করছেন। সংগীতকে আরাধ্য করে জীবিকা নির্বাহের তাগিদেই সিরিয়াসলি সব মাধ্যমে কাজের চেষ্টা করছেন। তবে এদেশে অডিও বাজারের নাজুক অবস্থায় এখন অনেকেই ফুরসত পেলেই ছুট দেন দেশের বাইরে। সেখানে কিছু পরিচিত-অপরিচিত অর্গানাইজারের কথামতো কিছু বাঙালি কমিউনিটিতে শো করলেও শিল্পী সত্তার প্রফেশনালি টিকিয়ে রাখা যায়। তেমনই একাধিক শোয়ের কথা পাকাপাকি করে অস্ট্রেলিয়া যাচ্ছেন। একই সাথে নিজের স্টুডিও সেটআপের জন্য কিছু ইন্সট্রুমেন্টও কিনবেন সেখান থেকে। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে প্রতীক বলেন, ‘মৌলিক কাজ করে গানে টিকে থাকা অনেক কষ্টের। তবুও আমি সেই পথই বেছে নিয়েছি। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’