সম্পত্তির লোভে বিবাহিত ধনী ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কে এক তরুণী খুনের গল্প নিয়ে প্রচারিত হবে আজকের ‘অ-এর গল্প’। অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। আজকের পর্বের নাম ‘অপূর্ণতা’। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। শামীম শাহেদের উপস্থাপনায় ‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। আজকের পর্বটি লিখেছেন গুলশান হাবিব রাজীব। এই পর্বে অভিনয় করেছেন মুকুল সিরাজ, সালতানাত শুপ্ত, আরফিনা প্রিয়া প্রমুখ। বাস্তব ঘটনা নিয়ে তৈরি এ ধরনের নাটক রচনা প্রসঙ্গে নাট্যকার রাজীব বলেন, ‘লেখালেখির অভ্যেস ছিল। তবে এ কাজটির জন্য পুরো ক্রেডিট শামীম ভাইয়ের। তিনি সুযোগ দিয়েছেন বলে লিখছি। আর বাস্তব ঘটনার অনুষঙ্গ নিয়ে নাট্যরূপে খুবই সচেতন থাকতে হয় যাতে কোনো কিছুর অর্থ না পাল্টে যায়। সেদিকে নজর দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি অন্য পর্বের মতোই আজকের পর্বটিও ভালো লাগবে।’ ‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটক বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৯টা ০৫ মিনিটে।
