স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের আসল ব্যাপারই হলো পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ। সহিষ্ণুতা, ধৈর্য ও পরস্পরের মতের প্রতি শ্রদ্ধা অন্তরে ধারণ করতে হবে। জাতীয় স্বার্থ ও উন্নয়নের প্রশ্নে অনৈক্য জাতি হিসেবে আমাদের পিছিয়ে দিবে। তাই গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের রাজনীতিকসহ সকল পেশার মানুষকেই ধারণ করতে হবে।
মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৪’এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমি প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই চ্যাম্পিয়নসহ ৫৫টি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিশুদের মধ্যে পদক ও সনদপত্র প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শিশুর ভবিষ্যত্ নিশ্চিত করতে প্রয়োজন সুশিক্ষা। সুকুমার বৃত্তির চর্চা শিশুর পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন ও শেখ আবদুল আহাদ।
উল্লেখ্য দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের সৃজনশীলতা, মেধা ও মনন অন্বেষণে গত ২৩ জানুয়ারি থেকে উপজেলা-থানা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু হয়। সোমবার পর্যন্ত এ প্রতিযোগিতায় ৫৫টি বিষয়ে ক ও খ বিভাগে শিশুরা অংশগ্রহণ করে। প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
