সাবেক প্রতিমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা হচ্ছে

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:২৯
জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের জমি সাংবাদিকদের নামে নামমাত্র মূল্যে বরাদ্দ দেয়ার অভিযোগে বিগত চারদলীয় জোট সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীরসহ চারজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ চারজনের মধ্যে আলমগীর কবীর ছাড়া অন্যরা হলেন, ভূমি সম্পদ কর্তৃপক্ষের সাবেক উপ-পরিচালক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য আজহারুল হক, গৃহায়ণ কর্তৃপক্ষের মনসুর আলম ও গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাব রক্ষণ কর্মকর্তা আতিয়ার রহমান। দুদক সূত্র জানায়, বিগত চারদলীয় জোট সরকারের সময় ২০০৫ সালে মিরপুর ১৪ ইসিবি চত্বরে জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সাত একর জমি সাংবাদিকদের নামে নামমাত্র মূল্যে বরাদ্দ দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা সরকারের প্রায় ১৫ কোটি ৫২ লাখ টাকার ক্ষতিসাধন করেছেন। আজ বুধবার দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় মামলাটি দায়ের করবেন বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।