অগ্নিকাণ্ড মোকাবিলায় দেশ সক্ষমতা অর্জন করেছে :স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:৩০
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অগ্নিকাণ্ডের যেকোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন সক্ষমতা অর্জন করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে দক্ষতার প্রমাণ দিয়েছেন। অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। আমরা এখন যেকোনো ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত। মঙ্গলবার মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) ট্রেনিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথ?া বলেন। এফএসসিডি বার্ন ট্রিটমেন্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এফএসসিডিকে উন্নত করার জন্য চীন সরকারের অনুদান প্রাপ্ত ৫০টি অ্যাম্বুলেন্স ও উদ্ধার সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চীনা রাষ্ট্রদূত লি জুন। এছাড়া বক্তব্য রাখেন এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজের মহড়া প্রদর্শন করেন। পরে মিরপুর এফএসসিডি ট্রেনিং কমপ্লেক্স ক্যাম্পাসে ২০ শয্যার এফএসসিডি বার্ন ট্রিটমেন্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি। সরকারের নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট এ হাসপাতালের প্রথম পর্যায়ে চার তলার নির্মাণ কাজ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।