শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গবেষণা হলো একটি দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার। টেকসই উন্নয়নে গবেষণা ভিত্তিক পরিকল্পনার বিকল্প নেই। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ কাউন্সিল গবেষকদের সেতুবন্ধন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর পলিসি রিসার্চ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস (বিআইডিএস) যৌথভাবে তিনদিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার প্রতিপাদ্য ‘টেকসই ও শান্তিপূর্ণ শহর: বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশ’। বাংলাদেশ ও যুক্তরাজ্যের ৪০ জন তরুণ গবেষক এ কর্মশালায় অংশগ্রহণ করছেন।
যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিক লো বলেন, এ কর্মশালা বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র হিসেবে ব্যবহূত হবে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের তরুণ গবেষকদের মধ্যে সংযোগ, পরস্পরের কাছ থেকে শেখার সুযোগ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নতুন গবেষণা ও যৌথ গবেষণা কর্মে উত্সাহ প্রদান করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত ড. মুস্তাফা কে মুজেরি, বিআইডিএস-এর জ্যেষ্ঠ গবেষক ড. এস এম জুলফিকার আলী, যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী ডিন ড. গ্রাহাম কে ব্রাউন প্রমুখ।
