দণ্ডপ্রাপ্ত চারজনের জামিন আবেদন নাকচ

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:৩১
দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার আসামির জামিন আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন। চার আসামি হলেন- আসিফ ইমরান, আসিফ ইমতিয়াজ বুলু, কামরুল ইসলাম আপন ও রাজিব হাসান মনা। গত বছর ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এক রায়ে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ওই চার আসামি। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলার পাঁচ নম্বর আসামি সিদ্দিকুর রহমান মিয়ার জামিন আবেদন নাকচ করে দেয়। তবে মামলায় দণ্ডপ্রাপ্ত আরেক আসামি অ্যাপোলো বিশ্বাসের করা জামিন আবেদনটি হাইকোর্টের অপর একটি ডিভিশন বেঞ্চে শুনানির অপেক্ষায় আছে। ২০০৫ সালের ১৭ নভেম্বর ভোরে সমকালের ফরিদপুর ব্যুরো অফিসে ঢুকে সাংবাদিক গৌতমকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে সন্ত্রাসীরা।