এমসিসি-বিশ্ব একাদশ ম্যাচে আছেন তামিমও

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১২
ক্রিকেটের মক্কা ‘লর্ডস’-এর দুইশত বছর পূর্তির ম্যাচে অন্যান্য আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও খেলবেন। গতকাল জানানো হয়- লর্ডসের ২০০তম বর্ষ পূর্তির ৫ জুলাইর ম্যাচে তামিম ছাড়া পাকিস্তানের শহিদ আফ্রিদি ও সাঈদ আজমলও খেলবেন। লর্ডসের স্বত্বাধিকারী মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এবং বাকি বিশ্ব একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। এমসিসি একাদশের নেতৃত্ব দেবেন ভারতীয় লিজেন্ড শচিন টেন্ডুলকার এবং বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান লিজেন্ড শেন ওয়ার্ন। অতীতে লর্ডসে সফল হওয়া এশিয়ার তিন ক্রিকেটারই গতকাল এ ম্যাচে খেলার নিশ্চিত করেছেন। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে ২১ বছর বয়সে ১০৩ রান করে লর্ডসের অনার বোর্ডে নাম লেখান তামিম। লর্ডসে বাংলাদেশি কোন ব্যাটসম্যানের এটাই ছিল প্রথম টেস্ট সেঞ্চুরি। এ ম্যাচে প্রথম ইনিংসেও তামিম ৫৫ রান করেছিলেন। অপরদিকে ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের আফ্রিদি ম্যাচ জয়ী অপরাজিত ৫৪ রান করেছিলেন এবং লর্ডসে নিজের শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন পাকিস্তানের আজমলও।-বাসস/এএফপি