কাগজে-কলমে ‘প্রায় অবাস্তব’ একটা সম্ভাবনা এখনও টিকে রয়েছে। কিন্তু সেই অসাধ্য সাধন করে ফাইনালে ওঠার স্বপ্ন ঘোরতর ভারতীয় ক্রিকেট সমর্থকও দেখছেন কিনা সন্দেহ।
সেই অসম্ভব সাধনের পথে ভারতের সামনে আজ বুধবার থাকছে আফগানিস্তানের বাঁধা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দু’টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের বিস্ময় আফগানিস্তান। যদিও এই ম্যাচে বোনাস পয়েন্টসহ জয়ের স্বপ্ন দেখছে ভারত। আম্বাতি রাইডু এই প্রসঙ্গে বলেন, ‘আগামীকালকের (আজকের) ম্যাচে আমরা বোনাস পয়েন্টসহ জিততে চাই। এরপর দেখা যাক কি হয়।’
ভারত ও আফগানিস্তান টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে সমান অবস্থানে আছে। দু’দলই পেয়েছে সমান চার পয়েন্ট করে। দুটি দলেরই জয় বাংলাদেশের বিরুদ্ধে। সঙ্গত কারণেই ভারতের যেমন বড় জয় দরকার ঠিক তেমনি অনন্য এক অর্জনের সামনে দাঁড়িয়ে আছে আফগানিস্তানও। আজকের ম্যাচ জিতলে আয়ারল্যান্ডকে টপকে আইসিসি র্যাংকিংয়ের একাদশতম অবস্থানে চলে আসবে আফগান ক্রিকেট দল।
ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরু থেকেই অনুপস্থিত নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ধোনির শিক্ষাটা সাথে নিয়েই ভারতীয় ক্রিকেট দল ঘুরছে বলে জানালেন বাটসম্যান আম্বাতি রাইডু। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ধোনি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর বিরাটও শিখেছে। পাকিস্তানের বিপক্ষে তার পারফরম্যান্স আমার কাছে মোটেই দৃষ্টিকটু মনে হয়নি। মাঠে আমরা চেষ্টার সর্বোচ্চটাই দেই। মন থেকে দেশের প্রতি ভালবাসা আছে বলেই জার্সি গায়ে চাপাই। আশা করছি আগামীকাল (আজ) ভাল খেলে জিততে পারবো।’
গত তিন ম্যাচে দুর্দান্ত বোলিং করা আফগানিস্তানের বোলিং আক্রমণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। আম্বাতি রাইডু বলেন, ‘তাদের বোলিং আক্রমণটা ভাল। এই টুর্নামেন্টে তারা বেশ ভাল ভাবেই নিজেদের প্রমাণ করেছে। আমাদের খুব কষ্ট করেই রান বের করে নিতে হবে।’
আফগানদের এই বিধ্বংসী বোলিংয়ের কথা চিন্তা করেই কি না ব্যাটিং সহায়ক উইকেট চাইলেন রাইডু, ‘ব্যাটসম্যানদের সাহায্য করবে তেমন একটা উইকেটই চাইছি। আমাদের নিজেদের পক্ষে যা যা করা সম্ভব তার সব কিছু আমরা করছি। কিন্তু কেন যে প্রতি ম্যাচেই হারতে হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। আসলে সময়টাই আমাদের মন মতো হচ্ছে না। উইকেট নিয়ে আমি কিছু বলতে চাই না। আগে তো আমাদের পারফরম করতে হবে। এরপর আসবে উইকেটের প্রসঙ্গ।’
তিন ম্যাচের দুটিতেই হার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বাদ দিলেও আগের আট লড়াইয়ে পরাজিত দলের নাম ভারত। দলের এই টানা ব্যর্থতার ব্যাপারে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। সংবাদ সম্মেলনে এসে কিংবদন্তী এই ব্যাটসম্যানের সমালোচনার জবাব দিলেন রাইডু, ‘আমাদের টানা ম্যাচ খেলতে হচ্ছে। পাঁচদিনের মধ্যে আমাদের তিনটি ম্যাচ খেলতে হচ্ছে। এছাড়াও আমরা অনেকদিন ধরে ভ্রমণ করছি। দক্ষিণ আফ্রিকা, এরপর নিউজিল্যান্ড হয়ে এখন বাংলাদেশে। মানসিক ভাবে ক্রিকেটের দিকে খেলোয়াড়দের টানা মনোযোগ ধরে রাখতে হচ্ছে। আশাকরি টিম ম্যানেজমেন্ট এদিকে খেয়াল রাখবে।’
