বিশ্বজুড়ে প্রীতি ম্যাচের রাত আজ

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:৩৫
ফুটবল দুনিয়া ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আজ বুধবার রাতে বিশ্বের নানান প্রান্তে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছে। স্বাগতিক ব্রাজিল আজ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এই ম্যাচটি যে খুব একটা সহজ হবে না তা ইতোমধ্যেই উপলব্ধি করেছেন ব্রাজিল কোচ লুইস ফিলিপ স্কলারি। বিশেষ করে গত নভেম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারানোর পর দক্ষিণ আফ্রিকানদের নিয়ে সকলেই আলাদা করে ভাবতে শুরু করেছে। এছাড়া স্টুটগার্টে জার্মানী চিলির, বুখারেস্টে স্বাগতিক রোমানিয়া আর্জেন্টিনার, সাইপ্রাসে ইউক্রেন যুক্তরাষ্ট্রের, আঙ্কারায় তুরস্ক সুইডেনের, পর্তুগাল নিজের মাঠে ক্যামেরুনের এবং অস্ট্রিয়ায় স্বাগতিকদের মুখোমুখি হবে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে জুন-জুলাই মিলিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপটি। এই ম্যাচগুলোর মাধ্যমে অনেক খেলোয়াড়ের সামনেই সুযোগ এসেছে নিজেকে শেষ বারের মত নিজেদের জাতীয় দলে প্রমাণ করার। আগামী মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো খেলোয়াড় বেছে নিতে সাহায্য করবে কোচদের। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথাম্পটনের হয়ে তরুণ ফুল-ব্যাক লুক শ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেলেন। কিন্তু বুধবার ওয়েম্বলীতে ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচেই তার সামনে সুযোগ এসেছে ইংলিশ কোচ রয় হজসনকে সন্তুষ্ট করার। এই ম্যাচকে সামনে রেখে হজসনের ঘোষিত ৩০ জনের দলে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পান তিনি। যদিও হজসন গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন এই বয়সে বিশ্বকাপের মত দলে জায়গা পাওয়াটা কঠিন। ইংলিশ কোচ বলেছেন, ‘এটা চূড়ান্ত স্কোয়াড নয়। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে, স্কোয়াডে ডাক পাওয়া কোন খেলোয়াড়ই তাকে বিশ্বকাপের দলে চূড়ান্ত হিসেবে ধরে নিতে পারবে না। এমনকি স্ট্যান্ডবাই থাকা সাতজন খেলোয়াড়ও এই তালিকায় চলে আসতে পারে। কারণ আমার পরিকল্পনা অনুযায়ী আমি চূড়ান্ত দল গঠন করব। ইংল্যান্ড মানাওসে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। তাই মাদ্রিদে স্পেনের বিপক্ষে আজ্জুরিদের প্রীতি ম্যাচের দিকে সজাগ দৃষ্টি থাকবে ইংলিশদের। অ্যাটলেটিকো মাদ্রিদের ভিসেন্টে ক্যালডেরনের মাঠে ইতালি কাল মুখোমুখি হবে স্বাগতিক স্পেনের। এই ম্যাচটি যেন ইউরো ২০১২-এর ফাইনালেরই প্রতিচ্ছবি, যেই ম্যাচে লা রোজারা কিয়েভে ৪-০ গোলে জয়ী হয়েছিল। এই খেলাটির মধ্য দিয়ে অ্যাটলেটিকোর ব্রাজিলিয়ান জন্মগ্রহণকারী স্ট্রাইকার দিয়েগো কোস্তার স্পেনের পক্ষে অভিষেক হতে যাচ্ছে। চলতি মৌসুমে লা লিগায় ২৫ বছর বয়সী কোস্তা ২১টি গোল করেছেন। তাকে দলে নেবার জন্য স্প্যানিশদের ব্রাজিলিয়ান কনফেডারেশনের সাথে বেশ লড়াই করতে হয়েছে। স্প্যানিশ কোচ ভিসেন্টে ডেল বস্ক বলেছেন, কোস্তাকে নিয়ে আমাদের বেশ সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সে ব্রাজিলে জন্ম নিয়েছে, কিন্তু একজন ফুটবলার হিসেবে গড়ে উঠেছে স্পেনে। ক্লাব ফুটবলের মাধ্যমেই সে নিজেকের প্রমাণ করেছে এবং জাতীয় দলে আসাটা তার প্রাপ্য ছিল। এ কারণেই আমরা তাকে দলে নিয়েছি। যদিও প্রীতি ম্যাচে ডেল বস্কের দলে জায়গা হয়নি তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া, ফার্নান্দো টরেস এবং হুয়ান মাতার। ব্রাজিলের সালভাদোরে নেদারল্যান্ডের বিপক্ষে স্পেন বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ডাচদের ফাইনালে হারিয়েই স্পেন ২০১০ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। নেদারল্যান্ড আজ ফ্রান্সের মুখোমুখি হবে। এই ম্যাচকে সামনে রেখে ডাচ কোচ লুইস ভ্যান গল দলে তরুণদের সুযোগ দেবার চেষ্টা করেছেন।-বাসস/এএফপি