প্রতিভাবান নৃত্যশিল্পী তাবাসসুম ঋতু। মাত্র তেরো বছর বয়সেই নৃত্য পরিবেশন করে অনেক পুরস্কার এসেছে তার ঘরে। লেখাপড়ার পাশাপাশি প্রতিনিয়ত নৃত্য শেখার সঙ্গে বসবাস তার। দেশের বিভিন্ন চ্যানেল ও মঞ্চে নৃত্য পরিবেশন করে সর্বস্তরের দর্শককের মন কেড়ে চলেছে এই প্রতিভাবান নৃত্যশিল্পী।
তাবাসসুম ঋতু ্বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ও কুষ্টিয়ার কুমারখালি শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক আবদুল হাকিম রানার মেয়ে। বাবার কাছেই তার হাতেখড়ি। ২০০৪ সালে মাত্র সাড়ে ৪ বছর বয়সে কুমারখালি পাবলিক লাইব্রেরি হলে স্বাধীনতা দিবসের উত্সবে একক নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে ঋতু দেখানো শুরু করে তার প্রতিভা। এরপর থেকে কুষ্টিয়া, রাজবাড়ি, ঢাকা, যশোরসহ দেশের বিভিন্নস্থানে নানা ধরনের উত্সবে ঋতু পরিবেশন করে থাকে তার নৃত্য। কুমারখালি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ঋতু এবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ২০০৫ সালে বিটিভির নতুন কুঁড়ির সাধারণ নৃত্যে ঋতু প্রথম স্থান দখল করে। ২০১১ সালে এটিএন বাংলায় ছন্দে আনন্দে অনুষ্ঠানে ঋতু নৃত্য পরিবেশন করে। ২০১৩ সালে চ্যানেল আইয়ের সেরা নাচিয়ের বাছাই পর্বে ঋতু ইয়েসকার্ড পায়। তবে বয়স কম হওয়ায় পরবর্তীতে ঋতুকে বাদ দেওয়া হয়। ঋতু মূলত ভারত নাট্যম, লোক ও সাধারণ নৃত্য পরিবেশন করে থাকে। ভবিষ্যতে সে ভালো মানের নৃত্যশিল্পী হতে চায়।
