আবারও শীর্ষে

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২০:২১
‘দ্য হাঙ্গার গেমস’-এর সিক্যুয়েল ‘দ্য হাঙ্গার গেমস :ক্যাচিং ফায়ার’। সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চারধর্মী মুভিটি এরই মধ্যে অ্যাকশনপ্রিয় দর্শকদের বিপুল আগ্রহ সৃষ্টি করেছে। সিনেমাটির মূল আর্কষণ জেনিফার লরেন্সকে নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম ‘দ্য হাঙ্গার গেমস’ হলো সেই মরণপণ লড়াই যেখানে প্রতিটি দরিদ্র রাজ্যের দলকে অন্য রাজ্যের সাথে খেলতে হয় প্রাণঘাতী লড়াই। আর এই নৃশংস খেলা ‘ক্যাপিটাল’বাসীর কাছে স্রেফ বিনোদন। জয়ের বিনিময়ে বিজয়ীরা পায় খাদ্য আর জীবন বাঁচানোর জন্য অর্থ। সেখানে চুয়াত্তরতম হাঙ্গার গেমসে জয়ী হয়ে খেলার শর্ত অনুযায়ী ঘরে ফিরে পানাম রাজ্যের ক্যাটনিস আর পিটা। সেখানে এসে জানতে পারে পুরো রাজ্যজুড়ে ঘিরে উঠেছে ক্ষোভ আর বিদ্রোহের দানা। বিদ্রোহ আরও উসকে দিয়েছে ক্যাটনিস। ক্যাপিটাল রাজ্যের পতনের সূত্রপাত কি হবে এই বিদ্রোহের কারণে। এসবের মধ্যে দিয়েই এগিয়ে চলে সিনেমার গল্প। সায়েন্স ফিকশনধর্মী মুভিটি পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স। নভেম্বরের ২২ তারিখে মুক্তি পেয়েছে হাঙ্গার গেমসের এই সিক্যুয়েলটি। ‘ক্যাচিং ফায়ার’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স, চরিত্রের নাম ক্যাটনিস, এছাড়াও দেখা যাবে লিয়াম হেমসওয়ার্থ, জস হাচারসনসহ প্রথম পর্বের অনেককেই। ‘দ্য হাঙ্গার গেমস :ক্যাচিং ফায়ার’ মুভিতে ক্যাটনিস চরিত্রকে বেশি বাস্তবসম্মত করে তোলার জন্য কাঁচা মাছ খেতে হয়েছে জেনিফারকে। তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন ‘উইন্টারস বোন’ ছবিটি দিয়ে। সেখানে ডলির ভূমিকায় অনবদ্য অভিনয় করে লরেন্স শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অস্কার, গোল্ডেন গ্লোবসহ বিশ্বের নামকরা সব চলচ্চিত্র পুরস্কারে। পুরস্কারও জিতেছেন বেশ কয়েকটা। এই ছবির বদৌলতেই ‘এক্স-মেন’ সিরিজের পরবর্তী ছবিতে সুযোগ পেয়েছেন। প্রথমে ‘পোকার হাউস’, এরপর ‘উইন্টারস বোন’ আর ‘দ্য হাঙ্গার গেমস’ দিয়ে বিরাট সাফল্যের স্বাদ পেলেন জেনিফার লরেন্স। সুজান কলিন্সের উপন্যাসের ওপর ভিত্তি করে রচিত এ ছবির বিষয়বস্তু মূলত ক্যাটনিস নামের এক কিশোরীর জীবন-সংগ্রাম। এ চরিত্রেই অভিনয় করেছেন অস্কার মনোনীত অভিনেত্রী লরেন্স। সুন্দরী এ তারকা এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে ফেলেছেন। ২০১১ সালের ২৩ মার্চ মুক্তির পর এক সপ্তাহেই অ্যাকশন ফিল্ম ‘দ্য হাঙ্গার গেমস’ ১৫৫ মিলিয়ন ডলার আয় করে নেয়। এটা সিক্যুয়েল ছাড়া কোনো ছবির আয়ের রেকর্ড। শুধু তাই নয়, এটা তৃতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড। এমনকি এটা ‘টোয়াইলাইট’ সিরিজকেও পেছনে ফেলে দেয়। ‘দ্য হাঙ্গার গেমস’ প্রথম দিনে আয় করার রেকর্ড সৃষ্টি করেছিল। মুক্তির প্রথম দিনেই আয় করে নিয়েছিল ৬৮.৩ মিলিয়ন ডলার। বিশ্বজুড়ে জেনিফার লরেন্সের অসংখ্য ভক্ত তৈরি হয়ে যায়। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই হলিউডের জেনিফারের।