একজন সংগীতশিল্পী হিসেবেই সুমনা হক শ্রোতাদের কাছে বেশি পরিচিত। তবে নিজেকে গানের ভুবন থেকে তিনি এখন অনেক দূরে রেখেছেন। তার নিজের ভুবনজুড়ে এখন শুধু ছবি আঁকাআঁকি। আর কোনোকিছুতেই যেন আপাতত মন বসছে না। তাই এবার সুমনা হক প্রস্তুতি নিচ্ছেন তার নতুন একক চিত্রপ্রদর্শনীর। প্রকৃতির উপজীব্য নানা বিষয়কে ক্যানভাসে তেল রং দিয়ে বিমূর্তভাবে তুলে ধরার চেষ্টা করছেন। রাজধানীতে নিজ বাসভবনে নীরবে নিভৃতে একাগ্রচিত্তে গুণী এই চিত্রশিল্পী নিজের মনের মতো এঁকে চলেছেন। কবে হবে এই চিত্রপ্রদর্শনী এমন প্রশ্নের জবাবে সুমনা হক বলেন, ‘ইচ্ছে তো ছিল আমার জন্মদিনে ষষ্ঠ একক চিত্রপ্রদর্শনী আয়োজন করার। কিন্তু মনে হচ্ছে না জন্মদিনে তা পারব। তবে চলতি বছরেই তা করার ইচ্ছে আছে। সবার দোয়া চাই যেন ভালোয় ভালোয় সব শেষ করতে পারি।’ তার প্রথম একক অ্যালবাম ‘মায়াবী রাতে’ ১৯৮৮ সালে বাজারে আসে। এক যুগ বিরতির পর দ্বিতীয় একক ‘মাঝে কিছু বছর গেল’ প্রকাশ হয়। সর্বশেষ বেঙ্গল মিউজিক থেকে তার রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘তুমি রবে নীরবে’ বাজারে আসে।
