যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পলিন পাঁচ বছর আগেই ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেইন আগ্রাসন চালাবে। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানকালে এক বক্তব্যে মার্কিনীদের এ সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। আর এখন বাস্তবে হচ্ছেও তাই। যুক্তরাজ্যের ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, ওবামা প্রেসিডেন্ট হলে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ‘কী কী সঙ্কটজনক পরিস্থিতির’ মুখোমুখি পড়তে পারে সে ব্যাপারে বলতে গিয়েই ইউক্রেইন প্রসঙ্গটি তুলেছিলেন পেলিন। ওবামার তত্কালীন রানিংমেট জো বাইডেন যে মন্তব্য করেছিলেন তারই প্রতিক্রিয়ায় পলিন ইউক্রেইনের বিষয়টি নিয়ে কথা বলেন। বিশ্বের অন্য নেতারা ওবামাকে (তত্কালীন ইলিনয় সিনেটর) পরখ করতে চাইবে মন্তব্য করে ডেমোক্র্যাট সমর্থকদের সতর্ক করেছিলেন বাইডেন। এরই প্রতিক্রিয়ায় পলিন বলেছিলেন, “রাশিয়ার সেনাবাহিনী যখন জর্জিয়ায় আক্রমণ করে বসল, সিনেটর ওবামা তখন ছিলেন সিদ্ধান্তহীন এবং দ্বান্দ্বিক অবস্থানে। তার এ ধরনের প্রতিক্রিয়া কেবল রাশিয়াকে পরবর্তীতে ইউক্রেইনে আক্রমণ চালাতেই উত্সাহিত করবে।”
