নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের একটি গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের অগ্নিসংযোগে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। দেশটির একজন আইন প্রণেতা সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।
সিনেটর খালিফা জান্নাহ বলেন, গভীর রাতে জঙ্গিরা জাকনা গ্রামে ওই অগ্নিকাণ্ড ঘটায়। এতে ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানান, এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়। তবে নিহতের এ সংখ্যা সম্পর্কে কোন সূত্র নিশ্চিত করে কিছু বলতে পারেনি। সামপ্রতিক সময়ে বোর্নিওতে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের ধ্বংসাত্মক তত্পরতা ব্যাপকহারে বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে এটা তাদেরই কাণ্ড।
এ ব্যাপারে সংগঠনটির পক্ষ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি। উল্লেখ্য, বোকো হারাম প্রতিষ্ঠার পর থেকে প্রায় ছয় বছর ধরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। তাদের এ আন্দোলনের বলি হচ্ছে সাধারণ মানুষ। এ পর্যন্ত সেখানে জঙ্গিদের হামলায় বিভিন্ন সময়ে কয়েক হাজার লোক মারা গেছে আর পালিয়ে গেছে লক্ষাধিক মানুষ।
