শিশু পর্ণোগ্রাফি :ক্যামেরন উপদেষ্টার পদত্যাগ
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করেছেন। সন্দেহজনক শিশু পর্ণোগ্রাফি অপরাধে গ্রেফতার হওয়ার পর তিনি পদত্যাগ করেন। সোমবার ডাউনিং স্ট্রীট একথা জানায়। গতমাসে জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা প্যাট্রিক রককে (৬২) গ্রেফতার করেন। -এএফপি
সিঙ্গাপুর ‘সবচেয়ে ব্যয়বহুল’ শহর
বিশ্বের ১৩১টি শহরকে পেছনে ফেলে ২০১৪ সালে বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল নগরী হিসেবে শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর জরিপে বিষয়টি প্রকাশ পেয়েছে। নিউইয়র্কভিত্তিক ইআইইউ নগর জীবনের জন্য অপরিহার্য ৪শ’টি জিনিসের মূল্যমান তুলনা করে জরিপটি পরিচালনা করে। সিঙ্গাপুরের শক্তিশালী মুদ্রা ও গাড়ি ব্যবহারের উচ্চ খরচের সঙ্গে সেবাখাতের বাড়তে থাকা বিল একে শীর্ষ ব্যয়বহুল নগরীতে পরিণত করেছে। কাপড়-চোপড় কেনার ক্ষেত্রেও সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী। -বিবিসি
পৃথিবীর মতো গ্রহের খোঁজে
অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে ২০২৪ সালে একঝাঁক টেলিস্কোপ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ‘প্লেটো’ নামের এক অবজারভেটরি যান। সৌরজগত্ সম্পর্কেও নতুন তথ্যের খোঁজ চালানো হবে এই অভিযানে।
বিশ্বব্রহ্মাণ্ডের গভীরে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য নক্ষত্র, যাদের চারপাশে প্রদক্ষিণ করছে অনেক গ্রহ। সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসা একাধিক এমন গ্রহের সন্ধান পেয়েছে। -ডয়চেভেলে
