ফাইনালের লাইনআপ আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় ম্যাচটিকে ঘিরে তেমন একটা আগ্রহ ছিল না বললেই চলে। শ’পাঁচেক দর্শকের সামনে অনেকটা নিয়ম রক্ষার মতো করেই খেলতে নামে আফগানিস্তান ও ভারত। একটাই সম্ভাবনা ছিল—ভারতকে চমকে দিয়ে আরও কোনো বিস্ময় উপহার দেবে আফগানরা। তাও হল না; তাসের ঘরের মতো ধসে পড়লো তাদের ইনিংস।
এই তাসের ঘরের মধ্যেই অবশ্য নজর কাড়লেন এক আফগান। শুধু এই ম্যাচেই নয়, গোটা টুর্নামেন্টেই ব্যাটে-বলে দারুণ নজর কেড়েছেন আফগানিস্তানের সামিউল্লাই শেনওয়ারি। দলের প্রয়োজনে হয়ে উঠেছেন সত্যিকারের এক যোদ্ধা।
টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের সামনে গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুত ছিল ভারতীয়দের স্পিন বলয়। প্রতাপশালী সেই স্পিন আক্রমণের সামনে দাঁড়িয়ে মুহুর্মুহু উইকেট পতনের মিছিলে মাথা তুলে দাঁড়াতে পেরেছেন কেবল এক শেনওয়ারি।
অথচ উদ্বোধনী জুটিতে মাত্র ৫ ওভারের মধ্যে ৩০ রান তুলে আরেকটি রূপকথার মঞ্চটা বেশ দারুণভাবেই প্রস্তুত করেছিল আফগানিস্তান। কিন্তু এরপরই ছন্দপতন। শুরুটা করে দিয়ে যান পেসার মোহাম্মদ শামি। আর স্পিনাররা দৃশ্যপটে আসার পর তো পুরোপুরি বদলেই গেল ম্যাচের আবহ। ওপেনার নূর আলী জাদরান বাদে প্রথম ছয় ব্যাটসম্যানের আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। ছয় চারে নূর করেছেন ৩৫ বলে ৩১ রান।
শেনওয়ারির লড়াই শুরু হয় এরপর থেকে। ২১তম ওভার শেষে যখন ব্যাট করতে নামেন তখন ৮৩ রানে ছয় উইকেট হারিয়ে ভারতীয় স্পিনারদের সামনে ধুঁকছিল আফগানিস্তানের ব্যাটসম্যানরা। এরপরও যে দিন শেষে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে ১৬০ রানের টার্গেট দেয়া গেল তা তো ওই শেনওয়ারির কল্যাণেই।
পেসার মোহাম্মদ শামির পঞ্চাশতম ওয়ানডে শিকার হবার আগে ৭৩ বলে পেলেন ছয়টি চার। সাথে রবীন্দ্র জাদেজার বলে সুইপ করে ফাইন লেগের উপর দারুণ চোখ ধাঁধানো এক ছক্কা। তাতেই ক্যারিয়ারে পঞ্চম বারের মতো হাফ সেঞ্চুরির দেখা পেলেন ২৭ বছর বয়সী ডান হাতি এই ব্যাটসমান। আর এই এশিয়া কাপেই এই নিয়ে দ্বিতীয়বারের মতো হাফ সেঞ্চুরি পেলেন।
সব মিলিয়ে চার ম্যাচে ৩৭.৭৫ গড়ে করেছেন ১৫১ রান। আফগানদের মধ্যে তার থেকে বেশি রান করেছেন কেবল একজন। সেই ব্যাটসম্যান, আসগর স্ট্যানিকজাই ৫৪ গড়ে করেছেন ১৬২ রান।
বোলিংয়েও ছিলেন সমান উজ্জ্বল। গতকালকের ম্যাচের আগে পেয়েছেন তিনটি উইকেট। আফগান বোলারদের মধ্যে ৫টি উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন মিরওয়ারিশ আশরাফ।
ইতিহাসে প্রথম বারের মতো এশিয়া কাপ খেলতে নেমে টুর্নামেন্টের গতকালের ম্যাচে আফগানদের প্রাপ্তির খাতা বলতে ওই এক শেনওয়ারির পারফরম্যান্স। তারপরও লড়াকু আফগানরা স্বদেশ প্রত্যাবর্তনে উত্সবের মঞ্চ প্রস্তুত হয়ে থাকলো এক বাংলাদেশের বিপক্ষে জয়ের কারণেই। সেই জয়ের অন্যতম নায়কও তো সেই শেনওয়ারি!
