নবীন-তরুণ ক্রিকেটারদের নিয়ে নানা ধরনের আয়োজন সবসময়ই মাথায় ঘোরে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের। এবার তার সঙ্গে হাত মিলিয়েছেন আরও দুই সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও হাসানুজ্জামান ঝড়ু। আর এই তিনজন মিলেই দেশের কয়েকটি ক্রিকেট একাডেমিকে নিয়ে ‘বাংলাদেশ একাডেমি কাপ’ নামে টি-২০ টুর্নামেন্ট আয়োজন করেছেন। গতকাল রাজধানীর একটি হোটেলে তারা ঘোষণা দিলেন এই টুর্নামেন্টের।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি একাডেমি দল; এর মধ্যে দুইটি ঢাকার বাইরের। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সিটি ক্লাব মাঠে। চারদিনের টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ মার্চ। হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, একাডেমির ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই এই টুর্নামেন্ট। ভবিষ্যতে আরও বড় কলেবরে টুর্নামেন্ট করার ইচ্ছাও রয়েছে তাদের।
চট্টগ্রাম ভিত্তিক ফোর এইচ গ্রুপ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। টুর্নামেন্টের আবেদন বাড়াতে জাতীয় দলে খেলা আট ক্রিকেটার অংশ নিচ্ছেন বলে। তারা আট দলের আট আইকন ক্রিকেটার। সেই ক্রিকেটাররা হলেন—ইলিয়াস সানি, অলক কাপালি, তালহা জুবায়ের, মেহরাব জুনিয়র, মো. শরীফউল্লাহ, তারেক আজিজ, মো. শরীফ ও সৈয়দ রাসেল। এরা খেলবেন বিনা পারিশ্রমিকে তরুণদের উদ্বুদ্ধ করতে। এশিয়ান টিভি টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে।
গতকাল সংবাদ সম্মেলনে হাবিবুলদের সঙ্গে উপস্থিত ছিলেন ফোর এইচ গ্রুপের স্পোর্টস বিভাগের ম্যানেজার তারিকুল হক।
টুর্নামেন্টে অংশ নেয়া আটটি দল হচ্ছে—বডি লাইন ক্রিকেট কোচিং একাডেমি ধানমন্ডি, ডিসকভারি ক্রিকেট কোচিং একাডেমি ধানমন্ডি, ইনডোর ক্রিকেট কোচিং একাডেমি ধানমন্ডি, সিটি ক্লাব ক্রিকেট কোচিং একাডেমি মিরপুর, সিরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি চট্টগ্রাম, লার্ন ক্রিকেট কোচিং একাডেমি ধানমন্ডি, টি.কে স্পোর্টস ক্রিকেট কোচিং একাডেমি মিরপুর, নারায়ণগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি নারায়ণগঞ্জ।
