ডিএসই’র লেনদেন সাড়ে তিনশ’ কোটি টাকায়

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২১:৫৯
দেশের শেয়ারবাজার দরপতনের বৃত্তে আটকে গেছে। সূচক কমার পাশাপাশি লেনদেনও কমে যাচ্ছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৫৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১০৬ কোটি টাকা কম। প্রায় দুই সপ্তাহ পর ডিএসই’র লেনদেন সাড়ে তিনশ’ কোটি টাকার ঘরে চলে এসেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১০৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৯০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। এদিকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেডে ৮৮১ কোটি টাকার আবেদন জমা পড়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। কোম্পানিটির আইপিওতে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৮৮১ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। অর্থাত্ কোম্পানিটির আইপিওতে ৪৪ গুণ আবেদন জমা পড়েছে। ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। প্রবাসি বিনিয়োগকারীরা আজ ৪ মার্চ পর্যন্ত আবেদন জমা দিতে পারবে। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলনের জন্য ২ কোটি শেয়ার ছেড়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে মার্কেট লট। কোম্পানিটির ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৬৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৮ দশমিক ৭৮ টাকা।