বুধবার দিনব্যাপী মোটর যন্ত্রাংশ মেলা স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, বাংলাদেশে প্রতিবছর গড়ে আড়াই লাখ মোটর সাইকেল বিক্রি হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে তা পাঁচ লাখে উন্নীত হবে। এতবড় বাজার থাকলেও বাংলাদেশ মোটর সাইকেলের খুচরা যন্ত্রাংশ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে। দেশীয় ছোট ছোট ইঞ্জিনিয়ারিং শিল্পের মালিকরা কিছু যন্ত্রাংশ উত্পাদন করলেও সরকারের নীতি সহায়তার কারণে তারাও দেশি বাজার ধরতে পারছেন না।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির আয়োজনে মেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মাতলুব আহমদ।
অনুষ্ঠানে উত্তরা মোটরস-এর চেয়ারম্যান মতিউর রহমান বলেন, বাংলাদেশি উদ্যোক্তারা এখন প্রচুর মোটর পার্টস তৈরী করছে। কিন্তু সমন্বিতভাবে সব কাজ হচ্ছে না। উদ্যোক্তারা সবাই মিলে একসাথে কাজ করলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ নিজস্ব গাড়ী উত্পাদন করতে পারবে। রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, মোটর সাইকেল বিক্রিতে প্রতিবছর ২৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। এটি রপ্তানিরও সম্ভাবনা রয়েছে।
দেশে মোটর সাইকেল এবং অন্যান্য গাড়ীর খুচরা যন্ত্রাংশ উত্পাদন এবং বাজারজাতকে উত্সাহ দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১০ বছরের জন্য ভ্যাটের আওতামুক্ত রাখা, ২০ শতাংশ নগদ আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান হয়।
