সৌদি আরবে অবস্থানরত প্রায় ৯ লাখ বাংলাদেশি শ্রমিককে ‘আকামা’ (ওয়ার্ক পারমিট) ও পেশা পরিবর্তনের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সকালে তার কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ এন এ আল বুসাইরি সাক্ষাত্ করতে এলে প্রধানমন্ত্রী তার সরকারের পক্ষ থেকে এ ধন্যবাদ জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী সৌদি সরকারের এ সিদ্ধান্তকে অনন্য উল্লেখ করে বলেন, এটা সে দেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের সংকট নিরসনে সহায়ক হবে। শেখ হাসিনা সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃপ্রতিম পারস্পরিক সম্পর্ক আগামীদিনে আরো জোরদার হবে বলে আশা করেন।
এ সময় এ্যাম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশে নবনিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার পেনজিরান হাজি আব্দুল হারিস বিন পেনজিরান হাজি শাবুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
