বেসরকারি খাতে আরো দুইটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অনুমোদন পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভা গতকাল এ অনুমোদন দেয়। অনুমতি পাওয়া দুই প্রতিষ্ঠান হলো- সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশিরভাগ পরিচালক ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াও মোবাইল ব্যাংকিং বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের কথা থাকলেও তা হয়নি। আগামী বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হবে।
জানা গেছে, নতুন অনুমতি পাওয়া সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের মূল উদ্যোক্তা জনৈক মাহমুদ হোসাইন। আর মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মূল উদ্যোক্তা হিসেবে রয়েছেন কাজী আমিনুল ইসলাম। ১০০ কোটি টাকার মূলধন নিয়ে তাদের কাজ শুরু করতে হবে। এ অর্থ ব্যাংকে উদ্যোক্তাদের নামে লিয়েন করে রাখার পর বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে তারা কাজ শুরুর চূড়ান্ত অনুমোদন পাবে।
