খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করার জন্য নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। কেননা সরকার যখন দেশকে জঙ্গিবাদমুক্ত করার চেষ্টা করছে, বিএনপি ঠিক তখন সেই জঙ্গিবাদের পক্ষ নিয়ে প্রকাশ্যে মদদ দিচ্ছে। জামায়াত হলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার বাংলাদেশি এজেন্ট আর বিএনপি তাদের ভাবশিষ্য।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রজন্ম ৭১’র উদ্যোগে ‘জামায়াত-শিবির রাজাকার ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, বর্তমানে বিএনপির যে শান্ত চিত্র দেখা যাচ্ছে, এটা তাদের আসল চেহারা নয়। তাদের মূল চরিত্র হলো সহিংসতা। যেকোনো সময়ই তারা অযৌক্তিক কোন দাবি নিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংগঠনের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, সংগঠনের নেতা রোকাইয়া হাসিনা নীলি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
