চ্যারিটি ফটোগ্রাফি এক্সিবিশন

ক্লিক অন ফায়ার

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ১৭:২৯
গত ৫ জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় কিছু স্কুল দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে পুরোপুরি পুড়ে যায়। সেগুলোর মধ্যে একটি স্কুল ‘সুলতানা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়’। সেই অঞ্চলে মেয়েদের জন্য বিকল্প কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে, কয়েকজন তরুণ-তরুণী স্কুলটি পুনঃনির্মাণের জন্য এগিয়ে আসে। উদ্যোগ নেয় ‘ক্লিক অন ফায়ার’ নামের একটি চ্যারিটি ফটোগ্রাফি প্রদর্শনীর। প্রদর্শনীর কাজ শুরুর ১ মাসের মধ্যে বেশ ভালোই সাড়া পাওয়া যায়। ‘ক্লিক অন ফায়ার’ প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে স্কুলটি পুনঃনির্মাণে সহায়তার উদ্দেশ্যে। এই ফটোগ্রাফি প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই দেওয়া হবে স্কুল পুনঃনির্মাণের কাজে। প্রজন্মের এই তরুণ-তরুণীর প্রচেষ্টায় অনুষ্ঠিত প্রদর্শনীটি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তাদের এই ছোট একটি উদ্যোগ সবাইকে অনুপ্রেরণা জোগাবে সামনে এগিয়ে চলার, আরও ভালো কিছু করে দেখানোর। ‘ক্লিক অন ফায়ার’-এ অংশগ্রহণকারীদের ৭০টি আলোকচিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছবির হাটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। প্রদর্শনীটি গতকাল ৬ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত। এবারের প্রদর্শনীতে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, লাইফ, ফেস্টিভাল ও ফাইন আর্টসহ সর্বমোট ৭০টি আলোকচিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। প্রদর্শনীতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, দৈনিক ইত্তেফাক। টেকনিক্যাল সাপোর্টে থাকছে, ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোস্যাইটি (ডিইউপিএস), ছবির হাট, জাহাঙ্গির ফ্রেম ঘর, মাস্টার কালার ল্যাব এবং ফুল ফ্রেম ফটোগ্রাফি।