শেয়ারবাজারে গতকাল বস্ত্র খাতের শেয়ারের দাম ও লেনদেন বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গড়ে এ খাতের দর বেড়েছে ১ দশমিক ৮৯ শতাংশ। আর এ খাতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৩ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের ১২ শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৫২ কোটি ২২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
এদিকে ডিএসইর পোর্টফোলিও ম্যানেজমেন্ট এন্ড সিকিউরিটিজ এনালাইসিস শীর্ষক ১৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, স্টেক হোল্ডার, বিভিন্ন সিকিউরিটিজ হাউজের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ বিনিয়োগকারী ৫২ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা বলেন, যে কোন প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিক্ষাগুলোকে কাজে লাগানো। পুঁজিবাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে। আইনের মধ্যে থেকে জ্ঞানভিত্তিক বিনিয়োগ করলে পুঁজিবাজার থেকে ঝুঁকি এড়িয়ে ভাল মুনাফা করা যায়।
