বিল অব এন্ট্রিতে অনুমোদনহীন অর্থ আদায়ের অভিযোগ

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২০:৩৬
আমদানি পণ্যের বিল অব এন্ট্রির বিপরীতে সার্ভিস চার্জের নামে অনুমোদনহীন প্রায় ১৫ কোটি টাকা আদায়ের অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদক থেকে এ বিষয়ে এনবিআরে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, গত ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতিটি বিল অব এন্ট্রিতে সার্ভিস চার্জ হিসেবে ৫০ টাকা করে প্রায় ১৫ কোটি টাকা আদায় করা হয়েছে। এতে এনবিআর বা অর্থমন্ত্রণালয়ের কোন অনুমোদন নেই। এই অর্থের উপর কোন করও আরোপ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এনবিআরকে নির্দেশ দেয়া হয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজস্ব আদায়ে গতি আনার লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও ডাটা সফট নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে সার্ভিস চার্জের নামে ৫০ টাকা করে আদায় করা হয়। আদায়কৃত এই অর্থের একটি অংশ পায় চট্টগ্রাম চেম্বার। কিন্তু এই অর্থ আদায়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নেয়া হয় নি। ফলে সার্ভিস চার্জের নামে এই অর্থ আদায় নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম কাস্টম হাউজের দেয়া তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে প্রায় ৩০ লাখ বিল অব এন্ট্রির বিপরীতে ১৪ কোটি ৯৩ লাখ টাকা আদায় করা হয়েছে।