আজ মুক্তি পাওয়ার কথা ছিল মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা অভিনীত চলচ্চিত্র ‘গুলাব গ্যাং’। কিন্তু মুক্তির এক দিন আগেই ছবিটি মুক্তি দিতে বারণ করে দিল্লি হাইকোর্ট। উত্তর প্রদেশের সমাজসেবী সম্পত পল দেবীর জীবনী নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। আর সেই সম্পত পল দেবীই ছবিটির বিরুদ্ধে মামলা করেন আদালতে। মামলায় তিনি উল্লেখ করেন যে, তার জীবনী এমনকি তার ‘গুলাব গ্যাং’কে নিয়ে নির্মিত হলেও তার পক্ষ থেকে কোনো অনুমতিই নেওয়া হয়নি। তিনি ধারণা করছেন, ছবিটি তার ব্যক্তিগত এবং দলগত ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে। তাই এর মুক্তি বন্ধ করা হোক। আর তাই আদালত ছবিটি আপাতত মুক্তি না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
