আনিসুল হকের কাহিনীতে স্বপন আহমেদের ‘তবুও ভালোবাসা’

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২০:৪৬
প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হকের কাহিনী ও স্বপন আহমেদের চিত্রনাট্যে নির্মিত হচ্ছে ‘তবুও ভালোবাসা’ নামের নতুন একটি চলচ্চিত্র। এর আগে দীর্ঘদিন ধরেই নির্মিত হচ্ছে স্বপন আহমেদের তৈরি দেশের প্রথম সাই ফাই চলচ্চিত্র ‘পরবাসিনী’। এই ছবিটি বর্তমানে পোস্ট প্রোডাকশনে রয়েছে। এর ভেতরে ইমপ্রেসের প্রযোজনায় এই ছবির কাজ শুরু হলো গতকাল। নদী অঞ্চলে, ঢাকার অদূরে বেশ কয়েকটি লোকেশনে টানা দুই সপ্তাহ শুটিং চলবে। ‘তবুও ভালোবাসা’ ছবিটি প্রসঙ্গে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘প্রায় অর্ধযুগ আগে লেখা একটি গল্প অবলম্বনে এই ছবির কাহিনী। আমার সেই গল্পটি নিয়ে অনেকেই ছবি করতে চেয়েছিল। শাহনেওয়াজ কাকলী কিছুটা কাজও শুরু করেছিল, সাইদুল আনাম টুটুল ভাইও বেশ কিছু লাইনআপ করেছিল। কিন্তু অবশেষে ছবিটি তরুণ নির্মাতা স্বপন আহমেদ করছে। ক্ষুধা আর মঙ্গাপীড়িত জনগোষ্ঠীর ভেতরেও যে অমূল্য প্রেমবোধ থাকে, ছবির মূল উপজীব্য। আমি মনে করি ধনী বা পয়সাওয়ালাদের অনেক রকম ভণ্ডামি থাকে, গরিবদের জীবনের কোনো ভণ্ডামি নেই। সেই মেসেজটিও এ ছবিতে আছে। ছবির মূল চরিত্রে মিলন আশা করি ভালোই করবে। আর এটা পুরোপুরি নির্মাতার ব্যাপার। শুধু গল্পটাই আমার। বাকিটা স্বপনের দায়িত্ব।’ নির্মাতা স্বপন আহমেদ বলেন, ‘আমি ফ্রান্সে থাকতেই মূলত এই ছবিটির কাহিনী ও পুরো পরিকল্পনার ব্যাপারে চূড়ান্ত করি। এসেই শুরু করে দিই। আমার ‘পরবাসিনী’ ছবির থিমটাই অনেক সময়ের ব্যাপার। সারাবিশ্বেই সাইফাই মুভি অনেক সময় নিয়ে তৈরি হয়। আর এই ছবিটি তিন ধাপে শুটিং করে শেষ করব। আশা করি গ্রামীণ পটভূমি অন্য এক দৃশ্যায়ন দেখবে দর্শকেরা। মুগ্ধ হবেন দর্শক, এই আশাবাদটুকু দিতে পারি।’ ‘তবুও ভালোবাসা’ ছবির মূল কয়েকটি চরিত্রে অভিনয় করছে জয়ন্ত চট্টোপাধ্যায়,আনিসুর রহমান মিলন ও প্রণব।