আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটোর বিমান হামলায় আফগান সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আটজন। লোগার প্রদেশের চারখ জেলায় বৃহস্পতিবার বিমান হামলায় তাদের মৃত্যু হয়। ন্যাটো ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে ঠিক কীভাবে এ দুর্ঘটনা ঘটল তার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রী জহির আজিমি তার টুইটার একাউন্টে বলেন, ন্যাটো হামলায় আফগান সেনাবাহিনীর পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে এবং আটজন আহত হয়েছে। ঐ জেলার গভর্নর খলিলুল্লাহ কামাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মার্কিন ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ড্রোন হামলার ফলে সেনা চৌকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ন্যাটো নিয়ন্ত্রিত নিরাপত্তা মিশন ইসাফ এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের সেনাবাহিনীর সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে কারো দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন প্রশাসনের সাথে নিরাপত্তা বিষয়ক নতুন চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছেন। এবছরের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে।
