ওসামা বিন লাদেনের জামাতার বিচার চলছে নিউইয়র্কে

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২০:৪৯
নাইন ইলেভেনে টুইন টাওয়ার ধ্বংসের পর আবারো আমেরিকায় হামলা করতে উত্সাহ যোগানোর অভিযোগে ওসামা বিন লাদেনের জামাতার বিরুদ্ধে বিচার চলছে নিউইয়র্কে। লাদেনের বড় জামাতা সুলেইমান আবু ঘাইথ আল কায়েদার মুখপাত্র হিসাবে কাজ করে হামলা চালাতে হামলাকারীদের উদ্দেশ্যে বিধ্বংসী বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ করেছে মার্কিন প্রশাসন। মার্কিন কৌঁসুলী বলেন, নাইন ইলেভেনের হামলার পর আবারো হামলা চালানোর জন্য জঙ্গি তত্পরতা চালাচ্ছিলেন তিনি। ভিডিও বার্তার মাধ্যমে তিনি জঙ্গিদের উদ্দেশ্যে আরো বিধ্বংসী আক্রমণের আহবান জানান। তিনি তার বক্তব্যে আমেরিকানদের ইসলামের শত্রু হিসাবে চিহ্নিত করে তাদের শেষ করে দেয়ার আহবান জানান। বিচারের মুখোমুখি করার জন্য ৪৭ বছর বয়সী সুলেমানকে গত বছর তুরস্ক থেকে নিয়ে আসা হয় নিউইয়র্কে। নাইন ইলেভেনের হামলার পর সুলেমানই হচ্ছেন সর্বোচ্চ পর্যায়ের আল কায়েদা কর্মকর্তা যাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। কুয়েতি নাগরিক ইমাম সুলেমান আবু ঘাইথ ওসামা বিন লাদেনের বড় মেয়ে ফাতিমার স্বামী।