ফখরুলসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ফের পিছিয়েছে

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২১:৫৯
সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি। বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক হাবিবুর রহমান ভুঁইয়া আসামিদের পক্ষে সকল আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করেন। এদিন মামলার ২৯ আসামির মধ্যে প্রধান আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ নেতাকর্মী আদালতে হাজিরা দেন। মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, সাদেক হোসেন খোকা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া এমপি ও আবদুস সালামসহ ১৬ জনের পক্ষে পূর্বশর্তে জামিনের আবেদন করা হয়। অন্যদিকে এ মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হান্নান শাহ ও সুলতান সালাউদ্দিন আহমেদ টুকুসহ ৪ জনের পক্ষে সময়ের আবেদন করা হয়। আসামিদের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, যেহেতু মামলার সকল আসামি আদালতে হাজির ছিলেন না ও তাদের পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে সেহেতু অভিযোগ গঠন শুনানির জন্য সময় প্রার্থনা করা হয়। বিচারক তা মঞ্জুর করেছেন।