রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আসামিদের পক্ষে যুক্তিতর্ক অব্যাহত রয়েছে। এ নিয়ে ৮টি ধার্য তারিখে মাত্র তিনজনের পক্ষে যুক্তিতর্ক শুনানি চলছে। দুইজনের পক্ষে শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার টানা তিনদিন ধরে শুনানি শেষ হয়। মামলাটিতে আরও ১১ জন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন বাকি রয়েছে। বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটিতে আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন আসামি আরিফ হাসান সুমনের পক্ষে তার আইনজীবী মিজানুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি অব্যাহত থাকা অবস্থায় সংশ্লিষ্ট বিচারক রুহুল আমিন আগামী ৯ মার্চ পর্যন্ত শুনানি মুলতবী করেন।
শুনানিকালে মামলার প্রধান আসামি মুফতি আবদুল হান্নানসসহ ৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত বছরের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলাটির অভিযোগপত্রভুক্ত ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা আবু হেনা মো. ইউসুফকে আসামিদের পক্ষে ২৯ দিন জেরা করা হয়েছে।
মামলার আসামি মুফতি আবদুল হান্নান, আরিফ হাসান সুমন, মাওলানা আকবর ওরফে হেলালউদ্দিন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আ: রউফ, মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মাওলানা ইয়াহিয়া কারাগারে আছেন।
