ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক পরিমলের বিরুদ্ধে সাক্ষ্য

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:০১
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি শিক্ষক পরিমলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুই শিক্ষিকাসহ ধর্ষিতার এক বান্ধবী। এ নিয়ে মামলার অভিযোগপত্রভুক্ত ৩৯ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল। বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন সাক্ষ্য দিতে আসেন ওই স্কুলের শিক্ষিকা পদার্থ ও অংক শিক্ষিকা জান্নাতুন নেছা এবং বাংলা ও সমাজ শিক্ষিকা ওয়াহিদা পারভীন এবং ধর্ষিতার এক বান্ধবী। জবানবন্দি শেষে পরিমলের আইনজীবী তাদের জেরা করেন। আসামি পরিমলকে এসময় আদালতে হাজির করা হয়। আসামির পক্ষে জেরা গ্রহণ শেষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক মো. আরিফুর রহমান পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেন।