ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে শেষ প্রস্তুতি ম্যাচে আফ্রিকান দেশগুলোর মধ্যে জিতেছে কেবল আলজেরিয়া। অন্য দলগুলোর মধ্যে আইভরি কোস্ট ড্র করলেও ঘানা ও ক্যামেরুন নিজ নিজ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছেড়েছে।
বি¬ডায় নিজেদের ঘরের মাঠে প্রথমার্ধের অতিরিক্ত টাইমে স্ট্রাইকার এল-হিলার সুদানি এবং দ্বিতীয়ার্ধে ইন্টার মিলানের মিডফিল্ডার সাফির তাদেরের গোলে স্লোভেনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে আলজেরিয়া। আগামী জুনে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে গ্রুপ-এইচ এ বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার মুখোমুখি হবার আগে আলজেরিয়ার জন্য এই জয়টা বেশ কাঙ্ক্ষিত ছিল।
ব্রাসেলসে স্বাগতিক বেলজিয়ামের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও বদলি খেলোয়াড় হিসেবে নামা তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা এবং ম্যাঙ্ক গ্রাডেলের দুই গোলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছেড়েছে আইভরি কোস্ট। ৭৪ মিনিটে দ্রগবা এবং অতিরিক্ত সময়ে গ্রাডেলের সমতা ফেরানোর আগে মারোনে ফেলাইনি এবং রাডজা নেইগোলান বেলজিয়ামকে এগিয়ে দিয়েছিলেন। সাবেক ম্যানেজার ফিলিপ ট্রোসিয়ার সমপ্রতি আইভরি কোস্টকে ‘‘মন্থর এবং বুড়ো” দল হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু গতকালকের ম্যাচের পারফরম্যান্স আফ্রিকান ‘হাতি’ হিসেবে পরিচিত দলটিকে কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে। কারণ, বাছাইপর্বে অপরাজিত থাকা বেলজিয়ামকে বিশ্বকাপের অন্যতম উদীয়মান শক্তি হিসাবে ধরা হচ্ছে। তাদের বিরুদ্ধে এমন পারফরম্যান্সে দ্রগবাদের আত্মবিশ্বাসী না হবার কোন কারণ নেই। ২০০৬ এবং ২০১০ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়া আইভরি কোস্ট বিশ্বকাপে গ্রুপ-সি’তে কলোম্বিয়া, গ্রীস এবং জাপানের বিপক্ষে লড়াইয়ে নামবে।
অপেক্ষাকৃত দুর্বল মন্টেনেগ্রোর বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলের পরাজয় অনেকটা হতাশই করেছে ঘানা সমর্থকদের। যদিও দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন সেন্টার-ব্যাক জন বোয়ে এবং জোনাথন মানেশ। কিন্তু বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালভাবে প্রমাণ করতে পারলো না তারা। বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ-জি’তে জার্মানি, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে কঠিন পরীক্ষার আগে এই ম্যাচে অন্তত জয় পাওয়াটা উচিত ছিল।
গ্রুপ-এ থেকে স্বাগতিক ব্রাজিল, ক্রোয়েশিয়া এবং মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে আরেক ফেবারিট পর্তুগালের মুখোমুখি হয়েছিল ক্যামেরুন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে দাঁড়াতেই পারেনি স্যামুয়েল ইতোর দল। রোনালদোর দুই গোলের পরে মেইরেলেস, কোয়েন্ট্রাও এবং এডিনহোর গোলে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ক্যামেরুনের পক্ষে একমাত্র গোলটি করেন আবুবাকার।
বিশ্বকাপে অংশ না নেয়া মিসর, গিনি, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিশিয়াও কাল প্রীতিম্যাচে মাঠে নেমেছিল। মিসর অস্ট্রিয়ায় এবারের বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে আসা বসনিয়া হার্জেগোভেনিয়াকে ২-০ গোলে, তেহরানে স্বাগতিক ইরানকে ২-১ গোলে গিনি, ব্রাজিল সোয়েটোতে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে পরাজিত করেছে। বার্সেলোনায় তিউনিশিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে কলোম্বিয়া।
