দিনেশ রামদিনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি সত্ত্বেও বুধবার অনুুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজয় এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণী এ ম্যাচে ক্যারিবীয়দের ২৫ রানে হারিয়ে ২-১ ম্যাচে সিরিজ জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। আর ১০৭ রানের দারুণ একটি ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন জে রুট।
জয়ের জন্য ৩০৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪৩ রানেই তারা হারায় প্রথম চারটি উইকেট। সেখান থেকেই শুরু হয় রামদিনের লড়াই। প্রথমে মারলন স্যামুয়েলসকে নিয়ে ৩৭ রান যোগ করার পর ষষ্ঠ উইকেটে অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে নিয়ে তোলেন আরো ৫১ রান। অন্য প্রান্তে সতীর্থরা আসা যাওয়ার মধ্যে থাকলেও রামদিন ছিলেন অবিচল। প্রথম পঞ্চাশ ছুঁতে ৭১ বল খরচ করা রামদিন দ্বিতীয় পঞ্চাশ তোলেন মাত্র ২৮ বলে। নয়টি চার আর তিনটি ছয়ে ক্যারিয়ারের প্রথম শতরানের দেখা পাওয়া এই উইকেট রক্ষক ব্যাটসম্যান ধরে রেখেছিলেন ম্যাচ জয়ের আশাও। টিম ব্রেসনানের করা ৪৮তম ওভারের প্রথম তিন বলে ১৪ রান তুলে ফেলা রামদিন আউট হন ঐ ওভারের চতুর্থ বলেই। আর ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস শেষে দশম ব্যাটসম্যান হিসাবে রামদিন আউট হবার সাথে সাথে ক্যারিবীয়দের ইনিংস শেষ হয় ২৭৮ রানে।
এর আগে ইনিংসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ মিডিয়াম ফাস্ট বোলার রবি রামপলের বলে ডান হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েও খেলা চালিয়ে যান রুট। আর তরুণ এই ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরির পাশাপাশি এবং জস বাটলারের ৯৯ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ৩০৩ সংগ্রহ করে ইংল্যান্ড।
ইনিংসের ২৪তম ওভারে অভিজ্ঞ ইয়োইন মরগান সুনিল নারাইনের বলে বোল্ড হয়ে গেলে ইংল্যান্ডের অবস্থা দাঁড়ায় চার উইকেটে ১১৬ রান। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া রুট এবং বাটলার জুটি বাঁধেন তখনই। পঞ্চম উইকট জুটিতে ১৭৫ রান তোলে এ জুটি। ৪৯তম ওভারে রুট আউট হলে ভাঙ্গে এ জুটি। অন্যদিকে বাটলার ফেরেন শেষ ওভারে। রামপলের হাতে উইকেট হারানোর সময় সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে ছিলেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড বলেন, ‘ইনিংসের শেষ ১০ ওভারে আমাদের ব্যাটসম্যানরা যা করেছে তা দেখাটা বেশ আনন্দের। প্রথম ম্যাচে আমরা যেভাবে মার খেয়েছি এ ম্যাচে তারই উত্তর দিয়েছি। সব মিলিয়ে এ মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্ব কাপের আগে এটা উদ্দীপনামূলক।’ অন্যদিকে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পরও টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাভো বলেন, ‘ইংল্যান্ড ভাল ব্যাটিং করেছে এবং আজকের উইকেটটি অনেক বেশি ভাল ছিল। তবে আমরা বোলারদের দায়ী করতে পারি না। এ পরাজয়ের জন্য আমাদের ব্যাটসম্যানদেরই দায় নিতে হবে।’
বার্বাডোজে আগামী রবিবার থেকে দুই দেশের মধ্যে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। -বাসস/ এএফপি
স্কোর কার্ড
ইংল্যান্ড
লাম্ব ক নারাইন ব ডোয়াইন ব্রাভো ২০
আলি ক এন্ড ব মিলার ৫৫
স্টোকস ক রামপল ব ডোয়াইন ব্রাভো ০
রুট ক ডারেন ব্র্যাভো বি ডোয়াইন ব্রাভো ১০৭
মরগান ব নারাইন ১
বাটলার ক এন্ড ব রামপল ৯৯
বোপারা অপরাজিত ৫
ব্রেসনান অপরাজিত ১
অতিরিক্ত (লেবা-৫, ও-৮, নোব-২ ১৫
মোট (উইকেট-৬, ওভার-৫০) ৩০৩
উইকেট পতন: ১-৩৭, ২-৩৭, ৩-১১৫, ৪-১১৬, ৫-২৯১, ৬-৩০০।
বোলিং: ডোয়াইন ব্রাভো ১০-০-৬০-৩ (ও-১), রামপল ৮-০-৫৫-১ (ও-৪), সামি ৫-০-৩৫-০, স্মিথ ১-০-৬-০, নারাইন ১০-১-৫২-১ (ও-১), মিলার ১০-০-৪৮-১ (ও-১), স্যামুয়েলস ৫-০-২৯-০, সিমনস ১-০-১৩-০।
ওয়েস্ট ইন্ডিজ
পাওয়েল ব রুট ১
স্মিথ ক আলি ব ব্রড ৯
ডারেন ব্রাভো ক বোপারা ব আলি ১৬
সিমনস ব ব্রড ১৬
স্যামুয়েলস ক বাটলার ব পেরি ২৩
রামদিন ব ব্রেসনান ১২৮
ডোয়াইন ব্রাভো ক বাটলার ব বোপারা ২৭
সামি ক স্টোকস ব ব্রেসনান ২৪
মিলার ক সাব (জর্ডান) ব ব্রেসনান ১০
নারাইন রান আউট ১০
রামপল অপরাজিত ০
অতিরিক্ত : (বা-৩, লেবা-৬, ও-৫) ১৪
মোট (অল আউট, ৪৭.৪ ওভার) ২৭৮
উইকেট পতন: ১-১০, ২-১০, ৩-৪২, ৪-৪৩, ৫-৮০, ৬-১৩১, ৭-২০২, ৮-২৪৬, ৯-২৬৩, ১০-২৭৮।
বোলিং: রুট ৩-০-২৪-১, ব্রড ৯-০-৫৮-২ (ও-২), আলি ১-০-৫-১, পেরি ৯-১-৬০১ (ও-১), ব্রেসনান ৪.৪-০-৪৫-৩, ট্রেডওয়েল ১০-১-৩৮-০, স্টোকস ৪-০-২১-০ (ও-১), বোপারা ৩-০-১৮-১ (ও-১)।
ফল: ইংল্যান্ড ২৫ রানে বিজয়ী।
সিরিজ: ইংল্যান্ড ২-১ ম্যাচে বিজয়ী।
