ভেনেজুয়েলায় পানামার রাষ্ট্রদূতকে বহিষ্কার

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২১:২৩
ভেনেজুয়েলায় মাদুরো সরকারকে হটাতে ষড়যন্ত্র করার অভিযোগে দেশটিতে পানামার রাষ্ট্রদূতসহ আরো তিন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পানামার সাথে সকল ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়ার একদিন পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিল দেশটির সরকার। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পানামার প্রতি অভিযোগ করে বলেছেন, দেশটি তার সরকারকে নামানোর লক্ষ্যে বিরোধীদের মদদ দিচ্ছে। এদিকে ভেনেজুয়েলায় দিন দিন উত্তেজনা ক্রমেই বেড়েই চলেছে। মধ্য আমেরিকার রাষ্ট্রগুলো আমেরিকান রাষ্ট্রগুলোর সংগঠন ওএএস’কে ভেনেজুয়েলার সংকট নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানানোর পর সরকারের পক্ষ থেকে ঐ পদক্ষেপ নেয়া হলো। তবে পানামা মাদুরো সরকারের এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি অগ্রহণযোগ্য। ভেনেজুয়েলায় অবস্থানরত পানামার রাষ্ট্রদূত পেড্রো পেরেইয়াসহ দূতাবাসের মোট চার কূটনীতিককে ‘অ-আস্থাভাজন ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে পানামার উপ-পররাষ্ট্রমন্ত্রী মেইরা এরাসেমনা জানিয়েছেন। এছাড়া পানামার রপ্তানিকারকদের সঙ্গে ১ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে আলোচনাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইলিয়াস জাওয়া। এদিকে বৃহস্পতিবারের সহিংসতায় দেশটির অসংখ্য ন্যাশনাল গার্ড সদস্য ও একজন মোটরবাইক চালক আহত হয়েছে। রাজধানী কারাকাসের রাস্তায় এ সময় মোটরবাইকে করে আসা একদল মানুষ বিরোধীদের ব্যারিকেড সরাতে গেলে সংঘর্ষে দুইজন নিহত হয়। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা। এর ফলে গত মাস থেকে চলে আসা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়ালো ২০-এ। ওদিকে বিরোধীরা অভিযোগ করেছে, সরকার বিক্ষোভ দমনে সশস্ত্র বেসামরিক লোকজনকে ব্যবহার করছে। অন্যদিকে ৫ মার্চ দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকীর প্যারেড অনুষ্ঠানে হাজার হাজার সরকার সমর্থক অংশ নিয়েছেন।