পর্তুগালে নতুন ডাইনোসরের চিহ্ন
উত্তর অ্যামেরিকার পর এবার ইউরোপের পর্তুগালে খুঁজে পাওয়া গেল বিশালাকার মাংসাশী ডাইনোসরের জীবাশ্ম। এই ডাইনোসর প্রায় ১৫ কোটি বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াতো। ভয়ংকর হিংস্র এই প্রাণীর সামনে বাকিরা অসহায় বোধ করতো। মাংসাশী এই প্রাণী দু’পায়ের উপর দাঁড়িয়ে থাকতো। দাঁত ছিল ব্লেডের মতো ও প্রায় ১০ সেন্টিমিটার লম্বা। বিজ্ঞানীদের ধারণা, এদের উচ্চতা ১০ মিটার পর্যন্ত হতে পারতো। ওজন ৪ থেকে ৫ টন। —রয়টার্স
শ্রীলংকায় গৃহযুদ্ধ নিয়ে তদন্ত
শ্রীলংকায় ৩০ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই সে নিয়ে চাপের মুখে রয়েছে দেশটির সরকার। মার্কিন সরকার বিষয়টি খতিয়ে দেখতে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। যুক্তরাজ্যও তদন্তের ব্যাপারে মার্কিন সরকারকে সমর্থন দিচ্ছে। চাপের মুখে শ্রীলংকার সরকার গৃহযুদ্ধের সময় নিখোঁজদের খুঁজতে বা তাদের সম্পর্কে জানতে একটি কমিশন গঠন করেছে। —বিবিসি
সাইবার জগতে ক্ষতিগ্রস্ত তরুণীরা
সমপ্রতি প্রকাশিত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র মৌলিক অধিকার সংরক্ষণ সংক্রান্ত এক সংস্থা এফআরএ-র সমীক্ষায় বলা হয়েছে, ইউরোপের তরুণীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিনিয়ত নানাভাবে নাজেহাল হচ্ছেন। এতে বলা হয়, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সাইবার জগতে তরুণীদের সবচেয়ে বেশি উত্ত্যক্ত করা হয় সুইডেনে। ঐ দেশটিতে এক চতুর্থাংশ তরুণীই উত্ত্যক্তকারীদের নির্মম শিকার।—ডয়েচে ভেলে
আইভরি কোস্টের রেগে সঙ্গীত
সারা বিশ্বের সঙ্গীতপ্রেমিদের কাছে আইভরি কোস্টের রেগে সঙ্গীত বেশ পরিচিত। দেশটিতে পুরো এক দশক জুড়ে দ্বন্দ্ব ও সহিংসতাপূর্ণ সময়ে রেগে বিশেষ ভূমিকা পালন করেছে। বিশেষ করে শিল্পিরা যেমন তাদের গানের কথায় রাজনীতিবিদদের তীব্র সমালোচনা করেছে, তেমনি তারা শান্তির আহবানও করেছে ঐ গানের মধ্য দিয়েই।—বিবিসি
