এক শহীদ আফ্রিদির ফর্মে থাকাই আসলে আজ পাকিস্তানকে ফাইনালে বেশ এগিয়ে রাখার কথা। কিন্তু পাকিস্তানের জন্য দুশ্চিন্তার বিষয়, সেই আফ্রিদির আজ ইনজুরির কারণে খেলার সম্ভাবনা বেশ কম। শুধু আফ্রিদি নন, শারজিল খান, উমর গুল ও আহমেদ শেহজাদও ভুগছেন ইনজুরিতে। তবে গতকাল এদের সম্পর্কে বলতে গিয়ে দলের ম্যানেজার জাকির খান বললেন, ইনজুরি কাটিয়ে সবাই ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন তারা।
আফ্রিদিকে নিয়েই বেশি আগ্রহ বলে তার ব্যাপারে জাকির খান বললেন, ‘শহীদ আফ্রিদির গ্রেড ওয়ান হিপ স্ট্রেইন সমস্যা দেখা দিয়েছে। আমাদের ফিজিও রিচার্ড তার সঙ্গে কাজ করছে। তাকে বিশ্রাম ও চিকিত্সা দেয়া হচ্ছে। আশা করছি, কাল (আজ) ম্যাচ শুরুর আগে আমরা তার পরিপূর্ণ অবস্থা জানতে পারবো। আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করছি। কাল (আজ) আফ্রিদির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
বাকিদের সম্পর্কে তিনি জানালেন, ‘এখন শারজিল খান প্রায় ৯৮ ভাগই সুস্থ। সে ব্যাটিং ও ফিল্ডিং করেছে নেটে এবং তাকে ভালোই দেখাচ্ছে আজ (কাল)। উমর গুল কিছু সমস্যায় ভুগছিল। সেও সব কাটিয়ে উঠছে। ওপেনার আহমেদ শেহজাদও কাঁধের ইনজুরিতে রয়েছে। তার ভালো চিকিত্সা চলছে। খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে সে।’
দলে চোটের প্রার্দুভাব। তবে কি আজ সেরা একাদশ খেলাতে পারবে না পাকিস্তান? ফাইনালের আগে চোটের কারণে ব্যাকফুটে থাকছে মিসবাহ বাহিনী। দলের ম্যানেজার জাকির খান এমনটা মানছেন না। তিনি বলেন, ‘আমাদের দলে যে ১৫ জন ক্রিকেটার রয়েছে তাদের মধ্য থেকে সেরা একাদশ নির্বাচন করা কঠিন হবে না। আমরা আশা করি আমাদের যে কয়জন ইনজুরি আক্রান্ত তাদেরকে বাদ দিয়েই আমরা সেরা একাদশ সাজাতে পারবো।’
