ঝলমলে পোশাক আর মডেলদের ছন্দময় ক্যাটওয়াক — চোখ ধাঁধানো ফ্যাশন শো হয়ে গেল গতকাল। রাজধানীর একটি রেস্টুরেন্টে ফ্যাশন হাউস ‘উপস্’ এর নতুন কালেকশন বাজারে ছাড়ার আগে এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। সেইসঙ্গে গ্রাহকদের কথা চিন্তা করে ‘উপস্’ চালু করলো অনলাইন স্টোর www.oopsbazar.com। এর মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে ক্রেতারা অনলাইন স্টোর থেকে পোশাক কিনতে পারবেন। এ ফ্যাশন শোয়ে প্রধান অতিথি ছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘উপস্’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ হোসেন।
ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, তরুণদের যে কোন উদ্যোগ আমাকে অনুপ্রাণিত করে। আমি আশা করি, এই তরুণরা ফ্যাশনে দেশের প্রতি ভালবাসার প্রতিফলন ঘটাবে।
এ ফ্যাশন হাউসে একদিকে যেমন ট্র্যাডিশনাল দেশি পোশাকের কালেকশন রয়েছে তেমনি পশ্চিমা ডিজাইনের ট্রেন্ডি পোশাকও রয়েছে। মডেলরা ক্যাটওয়াকের মাধ্যমে সেইসব নতুন নতুন ডিজাইনের পোশাক তুলে ধরেন দর্শকদের সামনে। সময়ের সঙ্গে ট্র্যাডিশনাল পোশাকগুলোতেও লাগে নতুনত্বের ছোঁয়া। সালোয়ার-কামিজ হোক বা কুর্তা — এসবের প্যাটার্নে আসে নতুনত্ব। কখনো পুরনো প্যাটার্নই ফিরে আসে নতুন রূপে। ‘উপস্’ এর পোশাকগুলোতে ছিল সেই ট্র্যাডিশনাল কুর্তায় আধুনিকতার স্পর্শ। স্লিভলেস, কখনো বুকে ও পিঠে কুরুশ কাঁটার কাজ; কিংবা ট্রেন্ডি চেক ডিজাইন। ছেলেদের শর্ট পাঞ্জাবিতেও সেই ফিউশন বেইসড ডিজাইন। যা ট্র্যাডিশনাল পাঞ্জাবিতে এনে দিয়েছে আধুনিকতার ছোঁয়া।
ফ্যাশন শোয়ে তুলে ধরা পোশাকগুলোর ডিজাইন করেছেন ফরহাদ হোসেন কামরুন নাহার রত্না ও রাখি গোমেজ। বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে এ ফ্যাশন শোতে যেসব র্যাম্প মডেলরা অংশ নেন তারা হলেন — রিপন, জনি, রাজ, শরিফুল রাজ, অন্তু, নওরিন, মাশিয়াত, মিজি, তৃণ, মেবিন, লিন্ডা, আঁখি, মেঘলা, নাবিলা, মুনা প্রমুখ। এ ফ্যাশন শোয়ের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক, একুশে টিভি, বাংলা নিউজ ২৪ ডটকম, এবিসি রেডিও ও ক্যানভাস। বিউটি পার্টনার ছিল পারসোনা। আর ইভেন্টের দায়িত্বে ছিল স্কেচ কমিউনিকেশন্স।
