বাংলাদেশে নারীদের বাত্সরিক মজুরিবিহীন গৃহকর্মের অর্থনৈতিক মূল্যমান দেশজ উত্পাদনের (জিডিপি) ১০ দশমিক ৭৫ শতাংশের সমতুল্য। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ’উন্নয়ন অন্বেষণ’ প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে উল্লেখ করা হয়েছে, নারীদের মজুরি প্রদান বিহীন গৃহস্থালী কর্মের মূল্যমান প্রায় ১ লাখ ১১ হাজার ৫৯১ কোটি ৪৮ লাখ টাকা। যেসকল নারী চাকরিজীবী, ব্যবসা, হস্তশিল্প, দিনমজুর এবং অন্যের বাসায় কাজ করে, তারা নিজেদের গৃহকর্মের জন্য দৈনিক যথাক্রমে গড়ে ৩.৭১, ৩.৬৯, ৫.২, ৪.৮ এবং ৪.৩ ঘণ্টা সময় ব্যয় করে থাকে। জীবনধারণের বাধ্য-বাধকতা, ক্রমবর্ধমান আর্থিক চাহিদা এবং পারিবারিক সহায়তা হ্রাস নারীদেরকে বিভিন্ন আয়বর্ধিষ্ণু কাজে নিয়োজিত করতে বাধ্য করছে। এ ক্ষেত্রে কাঠামোগত ব্যর্থতা ও প্রচলিত পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা অনেকাংশে দায়ী। দেশব্যাপী সাতটি বিভাগ থেকে সর্বমোট ৫২০ জন নারীদের উপর এই জরিপটি পরিচালনা করা হয়। শহর এলাকা থেকে ৩১৮ জন এবং গ্রাম থেকে ২০২ জনের ওপর জরিপ করে।
’সুযোগ খরচ পদ্ধতি’ বা ’অপরচুনিটি কস্ট মেথড’ ব্যবহার করে এ গবেষণাটি করা হয়েছে। মাঠ পর্যায়ে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে সংস্থাটি উল্লেখ করেছে, সামাজিক এবং অর্থনৈতিক স্বীকৃতির জন্য মজুরিবিহীন গৃহস্থালী কর্মের ব্যাপারে অর্থনৈতিক প্রণোদনা নীতিমালা প্রণয়ন অতীব জরুরি। যতদিন পর্যন্ত নারীর কাজের স্বীকৃতি ও সে অনুযায়ী সামাজিক সুরক্ষা কাঠামো তৈরি না হবে এবং শ্রমনীতি ও অধিকার বাস্তবায়নে পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত সমাজে নারীর সত্যিকারের সমতা অর্জন সম্ভব নাও হতে পারে।
