বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রে জিএসপি বন্ধ হওয়ার পরও রপ্তানি বেড়েছে ২৭ কোটি ডলার। তবে জিএসপি পুনরুদ্ধারের শর্তগুলো পূরণের চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিজিএপিএএমইএ) আয়োজিত গ্যাপেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, জিএসপি’র বাকি শর্তগুলো ৩০ মার্চের মধ্যে পূরণ করা হবে এবং ১৫ এপ্রিলে রিপোর্ট পাঠানো হবে। গত অর্থবছরে রপ্তানি আয় ছিল ২৭ বিলিয়ন ডলার, আর চলতি অর্থবছরে রাজনৈতিক সংকট অতিক্রম করার পরও রপ্তানি আয় ৩০ বিলিয়ন ডলার হবে বলে মনে করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গবন্ধু একটি স্বনির্ভর দেশ চেয়েছিলেন। যে দেশ হবে গণতান্ত্রিক ও অসামপ্রদায়িক। তিনি আজ নেই কিন্তু আমি মনে করি তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
মেলার উদ্যোক্তারা জানান, রপ্তানি বাণিজ্যকে বহুমুখীকরণ এবং সমপ্রসারণের জন্য প্রতি বছরের ন্যায় এবারও চার দিনের আন্তর্জাতিক শিল্প মেলার আয়োজন করেছেন তারা। মেলায় প্রায় ৫শ’ স্টল থাকছে। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও অংশ নিচ্ছে ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাইসহ ২৫টি দেশ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজিএপিএমইএ সভাপতি রাফিজ আলম চৌধুরী, বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি মো. হাতেম।
