টানা তিন মাস ঊর্ধ্বমুখী থাকার পর গেলো ফেব্রুয়ারি মাসে গড় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসেবে এ হার ৭ দশমিক ৪৪ শতাংশে নেমে এসেছে। এর আগে জানুয়ারি মাসে ছিল সাড়ে সাত শতাংশ। তবে ওই হিসাবে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমলেও বেড়ে গেছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। এছাড়া শহর অঞ্চলে মূল্যস্ফীতির হার অপরিবর্তিত থাকলেও গ্রামীণ এলাকায় এ হার কিছুটা কমায় সার্বিকভাবে মূল্যস্ফীতির নিম্নমুখিতা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার বিবিএস ভবনে মূল্যস্ফীতির তথ্য নিয়ে এক সংবাদ সম্মেলনে বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল জানান, মূল্যস্ফীতির হার বর্তমানে স্থিতিশীল। এ অবস্থা বজায় থাকলে অর্থবছর শেষে লক্ষ্য অনুযায়ী এ হার ৭ শতাংশে নেমে আসতে পারে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৪ শতাংশে। আগের মাসে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।
