বাংলাদেশ দলের কোচ লুডভিক ডি ত্রুদ্ধইফ ভারত সফর শেষে দেশে ফিরে জাতীয় দলের আরো বেশি করে প্রীতি ম্যাচ খেলার উপর গুরুত্বারোপ করেছেন। ভারতের বিরুদ্ধে গত বুধবার সেদেশের পর্যটন শহর গোয়ায় ২-২ গোলের লড়াকু ড্রয়ের পর বাংলাদেশ দল গতকাল সকালে দেশে ফিরে আসে।
জাতীয় দলের ফুটবলাররা অবশ্য হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকেই যার যার বাড়িতে চলে যান। জানা গেছে, আজ বিশ্রামের পর নিজ নিজ ক্লাবের প্রশিক্ষণে যোগ দেবেন খেলোয়াড়রা।
কোচ ক্রুইফ বিমান বন্দরেই গণমাধ্যমকে বলেন, ‘ভারতের বিপক্ষে ফুটবলারদের লড়াকু মানসিকতায় আমি সন্তুষ্ট। এরকম আরো প্রীতি ম্যাচ খেলতে পারলে ভালো হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উচিত বেশ কিছু প্রীতি ম্যাচ আয়োজন করা।’ ডাচ কোচ খেলাটি সম্পর্কে বলেন, ‘প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে আমার দলের বেশ কিছু ভালো পয়েন্ট আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তরুণ ফুটবলার হেমন্ত ভিনসেন্টের পারফরমেন্স। এ ম্যাচে সে খুব ভালো খেলেছে। এ ছাড়াও দলের তরুণদের খেলা সবার নজর কেড়েছে।’
ভারতের বিরুদ্ধে শেষদিকে করা গোলটি বাতিল করা প্রসঙ্গেও কথা বলেন কোচ ক্রুইফ। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না, ম্যাচের শেষের দিকে আমাদের করা গোলটা কেন বাতিল হলো। রেফারি কি কারণে তকলিসের গোলটা বাতিল করলেন তা আমার বোধগম্য নয়।’
অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘ভারতে দলের পারফরমেন্সে অধিনায়ক হিসেবে আমি সন্তুষ্ট। আমি মনে করি, সতীর্থরা নিজেদের সেরা খেলাটাই খেলেছে ওখানে। সবাই চেষ্টা করেছে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে। কিন্তু ভাগ্য সহায় ছিল না বলে আমরা জয় পাইনি।’ তিনি জয়ের কাছাকাছি গিয়েও তা না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন।
