দুই পরাশক্তির লড়াইয়ের পাশাপাশি এটা ছিল বিশ্বের সেরা দুই পেসারের লড়াইও। সেখানে ডেল স্টেইনের দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন মিচেল জনসনই। আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দু’দল কাল থেকে পোর্ট এলিজাবেথে মাঠে নামছে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াইয়ে। তবে সেখানে থাকছেন না স্টেইন-জনসনদের কেউই। সাইড স্ট্রেইনে আক্রান্ত স্টেইনের প্রথম দু’ম্যাচে মাঠে না নামার বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। অন্যদিকে, বিশ্বকাপের আগে পুরোপুরি সতেজ হয়ে উঠতে জনসনকে রাখা হয়েছে বিশ্রামে।
ইংল্যান্ডকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করায় সবচেয়ে বেশি অবদান ছিল জনসনের। দুরন্ত পেসে ইংলিশ ব্যাটিং লাইনআপকে এলোমেলো করে দেয়া এই বাহাতি চলতি সফরেও দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। টানা খেলার ধকল সামলে নিয়ে বিশ্বকাপে পূর্ণ শক্তির এক জনসনকেই চাইছে অস্ট্রেলিয়া। কোচ ড্যারেন লেহম্যান বলেন, ‘পুরো গ্রীষ্ম মৌসুমে দীর্ঘ সময় যাবত্ খেলার মধ্যে রয়েছেন মিচ এবং পরিবারের সঙ্গে কিছু দিন বিশ্রাম নেয়াটা তার জন্য ভাল হবে এবং সে পুরোপুরি সতেজ হয়ে ফিরবে বলে আমরা আশা করছি। বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন।’ তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন অলরাউন্ডার মইসেস হেনরিকস।
ঢাকায় ২৩ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টি-২০ বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দু’টি টি-২০ ম্যাচের স্টেইনের পরিবর্তে পেসার কাইল অ্যাবটকে দক্ষিণ আফ্রিকা দলে যুক্ত করা হয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টিতে খেলতে পারছেন না স্টেইন। সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ১-২ ম্যাচে পরাজিত হওয়া সিরিজে নিউল্যান্ডসের তৃতীয় টেস্টে ইনজুরিতে পড়া স্টেইন মাত্র ১৩.১ ওভার বোলিং করতে সক্ষম হন।
‘গ্রেড ১ সাইড স্ট্রেন থেকে সুস্থ হতে সাধারণত ৭-১০ দিন সময় প্রয়োজন। সুতরাং পোর্ট এলিজাবেথ ও ডারবানের প্রথম দু’টি ম্যাচে হয়তো স্টেইন খেলতে পারবেন না’ উল্লে¬খ করে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, ‘এমন অবস্থায় আমরা আশা করছি বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে তাকে পাওয়া যাবে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়নের তৃতীয় ম্যাচে খেলার জন্য প্রস্তুত হতে কাজ করবেন তিনি।’
আগামী ২২ মার্চ টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
