বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্ব কাপের জন্য ঘোষিত দল নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ বিশ্ব কাপের বর্তমান চ্যাম্পিয়ন দলটি শিরোপা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে টুর্নামেন্টের আগে কিছু অনুশীলন করতে চায় বিধায় এ দলটি ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামাছে। ড্যারেন সামির নেতৃত্বাধীন অভিজ্ঞ দলটিতে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, রবি রামপাল ও দিনেশ রামদিনের মত অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন।
তবে গত জানুয়ারি মাসে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে হাঁটুর ইনজুড়িতে পড়া কাইরন পোলার্ড এখনো সুস্থ হয়ে না ওঠায় খেলতে পারছেন না তিনি। পোলার্ডের বদলে বিস্ময়করভাবে টি-২০ বিশ্বকাপ দলে ডাক পাওয়া ফাস্ট বোলার শেলডন কট্রেল বাংলাদেশে রওনা হওয়ার আগে সিমিত ওভারের ম্যাচে অভিষেক পেতে পারেন ক্যারিবীয় দলের হয়ে। গত কিছু দিন যাবত ওয়েস্ট ইন্ডিজ দলের টি-২০ ফর্মটা মোটেই ভাল যাচ্ছে না। গত মাসে কিংস্টনে আয়ারল্যান্ডের কাছে ছয় উইকেটসহ নিজেদের শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বার্বাডোজে অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজ শুরু হবে আগামী রবিবার।
